শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই নারী অপহরণকারীকে গ্রেফতার করেছে খুলনা মহানগরীর হরিণটানা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফুলতলা থানার রাজঘাট গ্রামের মোঃ শফিক মোড়লের কণ্যা সুফিয়া বেগম (৩৭) ও হরিণটানার শিকদার মার্কেট এলাকার রুবি বেগম (৪৭)। ১৮ আগস্ট গভীর রাতে হারণটানা থানাধীন শিকদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট থেকে মুক্তিপনের ৪৭ হাজার ৫০০ টাকা, ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৬ আগস্ট সকাল ১০টায় অপহরণকারী চক্র শপিং ব্যাগ বিক্রয়ের কথা বলে আক্কাস আলী শেখ নামের এক শপিং ব্যাগ ব্যবসায়ীর সাথে নগরীর জিরোপয়েন্ট মোড়ে সাথে দেখা করে। পরবর্তীতে ব্যবসায়িক কথা বার্তা বলে একটি ভ্যান যোগে শিকদার মার্কেটের সামনে নিয়ে যায়। ভ্যান চালক চলে গেলে নিকটে অবস্থানরত অন্যান্য অপহরণকারীরা ভিকটিম আক্কাস আলী শেখকে জোরপূর্বক ছুরি, চাকু দিয়ে প্রাণ নাশের ভয় দেখিয়ে শিকদার মার্কেটের বিপরীতে জনৈক রুবির বাসায় নিয়ে যায় এবং একটি কক্ষে আটক রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে অস্বীকার করলে অপহরণকারীরা দেশীয় অস্ত্রের মুখে মৃত্যুর ভয় দেখাতে থাকে। পরবর্তীতে ভিকটিম আক্কাস আলী প্রাণের ভয়ে ১ লক্ষ ৭৮ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে। পরবর্তীতে মুক্তিপণের অর্থ পেয়ে অপহরণকারীরা ১৭ আগস্ট সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় মোটর সাইকেলযোগে ভিকটিম আক্কাস আলীকে বাইপাস রোড দিয়ে সোনাডাঙ্গা অভিমুখে কিছুদুর গিয়ে নামিয়ে দিয়ে চলে যায়।
এই ঘটনায় ভূক্তভোগী আক্কাস আলী ১৮ আগস্ট হরিণটানা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং নং-০৭। ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪। মামলার প্রেক্ষিতে হরিণটানা থানা পুলিশের একটি চৌকস অভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত ও দুই আসামী গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় অপহরণকারীদের হেফাজত হতে মুক্তিপণের ৪৭ হাজার ৫০০ টাকা, ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support