
নিজস্ব প্রতিবেদক : খুলনায় যৌথবাহিনীর অভিযানে দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় বিদেশি অস্ত্র, তাজা গুলি ও মাদক উদ্ধার করা হয়। গত রবিবার সকালে নগরীর বাগমারা এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এ অভিযান চালায়। সোমবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার সকাল ৭টার দিকে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ নগরীর বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে উক্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকায় শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫) কে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকা থেকে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১টি ম্যাগাজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ আটক ওই দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড অভিযান চালিয়ে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply